• ৮ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Covid Hospital

রাজ্য

Covid Hospital: রাজ্যে ২টি হাসপাতাল তৈরি করতে অর্থ বরাদ্দ পিএম কেয়ার্সের

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে দেওয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বহরমপুর এবং কল্যাণীতে জোড়া কোভিড হাসপাতাল তৈরির কাজ শুরু করে দিল DRDO। ওই হাসপাতাল দুটির জন্য PM-CAERS তহবিল থেকে ৪১.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এমনই খবর মিলেছে।মুর্শিদাবাদে কোভিড চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই। এই অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বহরমপুরে ৫০০ বেডের একটি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করার অনুরোধ জানান অধীর (Adhir Ranjan Chowdhury)। চিঠি লেখার পাশাপাশি সিবিআই প্রধান নির্বাচনের বৈঠকের ফাঁকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করতে অনুরোধ করেন বহরমপুরের সাংসদ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দেন, দ্রুত তাঁর লোকসভা কেন্দ্রে একটি বড় অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করবে DRDO। প্রথমে ঠিক ছিল ১ হাজার বেডের একটি অস্থায়ী কোভিড হাসপাতাল বহরমপুরে তৈরি হবে। সেই অনুযায়ী জমিও চাওয়া হয়।কিন্তু পরে দেখা যায় বহরমপুরে যে জায়গা হাসপাতালের জন্য বরাদ্দ হয়েছে, তাতে মেরেকেটে আড়াইশো বেডের হাসপাতাল তৈরি হতে পারে। তারপরই কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, PM CARES-এর টাকায় বহরমপুরে একটি এবং কল্যাণীতে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হবে। দুটি হাসপাতালই তৈরি হবে আড়াশো বেডের। বুধবারই হাসপাতালগুলি তৈরির জন্য ৪১.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, দুটি হাসপাতাল তৈরির পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে একটি অক্সিজেন প্লান্ট তৈরিরও অনুরোধ জানিয়েছিলেন অধীর। DRDO ইতিমধ্যেই সেই প্লান্ট তৈরি করে দিয়েছে।

জুন ১৬, ২০২১
কলকাতা

অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তুলে বিক্ষোভ বালিটিকুরি কোভিড হাসপাতালের নার্সদের

বৃহস্পতিবার দুপুরে হাওড়ার বালিটিকুরি কোভিড হাসপাতালে বিক্ষোভ দেখালেন নার্সিং কর্মীরা। পরিচ্ছন্নতার বিষয়ে চরম অব্যাবস্থার অভিযোগ। পর্যাপ্ত সাফাই কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মীর অভাবে অপরিচ্ছন্ন পরিবেশ। ঘণ্টার পর ঘণ্টা রোগীর মলমূত্র-সহ বিছানা পরিষ্কার না হওয়ার অভিযোগ রোগীদের। এদিন দুপুরে ডিউটি শেষ করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন নার্সরা। মূলত পরিকাঠামোর অভাবেই এই কোভিড হাসপাতালে সাফাই সংক্রান্ত সমস্যার কারণেই বিক্ষোভ দেখালেন নার্সরা। তাঁদের অভিযোগ, ড্রপিং এরিয়া, যেখানে ডিউটি শেষে নার্সরা তাঁদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট কিট বা পিপিই কিট ছেড়ে রাখেন সেই এলাকা প্রত্যেক শিফটের পরে পরিষ্কার করার কথা থাকলেও তা করা হয় না। ফলে থেকে যায় সংক্রমণের আশঙ্কা। এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বাথরুমের জল ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ছে। এগুলি পরিষ্কার হচ্ছে না। তার উপর হাসপাতালের রোগীদের জন্য নেই পর্যাপ্ত খাবার জল। এমনকী, কোনও রোগীর মৃত্যু হলে সেই দেহ পড়ে থাকছে শয্যায়। পাশে থাকা অন্য রোগীরা যার ফলে তীব্র সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। নার্সদের আরও অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো না-থাকাতেই এই নরকীয় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের দাবি, হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীর পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মচারীও থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে এই কর্মচারী পর্যাপ্ত না থাকায় তৈরি হয়েছে সমস্যা। তাঁরা জানান, ২০০ জন রোগী পিছু ১২ ঘণ্টায় মাত্র এক জন চতুর্থ শ্রেণির কর্মচারী থাকছে। ফলে অপরিষ্কার হয়ে পড়ে থাকছে কোভিড ওয়ার্ড। হাসপাতালের এক নার্সের অভিযোগ, রোগীরা শয্যা থেকে পড়ে গেলে তাঁদের বেডে তোলার মতো লোক থাকছে না। অক্সিজেন দেওয়ার লোক নেই। চূড়ান্ত এক অস্বাস্থ্যকর পরিবেশ বালিটিকুরি কোভিড হাসপাতালে তৈরি হয়েছে বলে অভিযোগ। এছাড়াও রোগীর পরিবারে তাদের পেশেন্ট সংক্রান্ত খোঁজ খবর নেওয়ার জন্যে একটি ফোন নম্বর দেওয়া হলেও সেই ফোন নম্বরে ফোন এলে রোগীর সেবা করতে গিয়ে পরিজনদের প্রশ্নের জবাব দেওয়ার মত সুযোগ পাচ্ছেন না নার্সরা। ফলে রোগীর পরিজনরাও তাঁদের রোগীর খবর না পেয়ে অসহায় বোধ করছেন এবং অভিযোগও করছেন। হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মী বা পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী না থাকায় সমম্বয়ের অভাবে চিকিৎসা পরিষেবা দিতেও সমস্যা হচ্ছে বলে এদিন দাবিপত্রে জানান বিক্ষোভরত নার্সরা। এদিকে এই প্রসঙ্গে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান, স্বাস্থ্য আধিকারিকদের একটি দলকে বালিটিকুরি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কোভিড হাসপাতাল নিয়ে বারে বারেই নানান অভিযোগ তুলেছেন রোগীর পরিজনরা। এবারে পরিকাঠামোগত সমস্যা তুলে ধরে বিক্ষোভে সামিল হলেন নার্সরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।

মে ০৬, ২০২১
দেশ

গুজরাতের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অন্তত ১৮

কোভিড হাসপাতালে আগুন লেগে জীবন্ত দগ্ধ অন্তত ১৮ জন। ঘটনাস্থল গুজরাতের ভারুচ এলাকা। শুক্রবার মধ্যরাতে প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের একতলায় আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের একতলায় কোভিড ওয়ার্ড। স্থানীয় সূত্রে খবর, আইসিইউতে অন্তত ২৪ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হাসপাতাল সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুড়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়। সকালে সাড়ে ৬টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। তাঁদের মধ্যে ২ জন নার্স রয়েছেন। বাকি ছজনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরাই স্ট্রেচারে করে অন্তত ৫০ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করেন দমকলবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তাঁদের। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছে। তবে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বারবার কোভিড হাসপাতালে আগুন লাগা নিয়েও প্রশ্ন উঠছে।গতকাল রাতে ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্র সিং জানিয়েছিলেন, রাত পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে প্রকৃত তথ্য সকালে জানা যাবে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর আশঙ্কাই সত্যি হয়। হাসপাতালের এক ট্রাস্টি জুবের প্যাটেল জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৪ জন রোগী ও ২ জন নার্সের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকলবাহিনীর সাহায্যে বাকি রোগীদের অন্যত্র স্থানান্তর করা সম্ভব হয়েছে।

মে ০১, ২০২১
দেশ

মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৩

বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহারাষ্ট্রের। একে তো মহামারি মোকাবিলায় নাজেহাল অবস্থা সরকারের। তার উপর একের পর এক দুর্ঘটনা রীতিমতো নাস্তানাবুদ করছে প্রশাসনকে। নাসিকে অক্সিজেন লিক কাণ্ডের পর এবার ভিরারের এক কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ।স্থানীয় সূত্রের খবর, গতকাল মাঝরাতে মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকার এক কোভিড হাসপাতালে আগুন লেগে যায়। সেসময় ওই হাসপাতালটিতে ৯০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিজয়বল্লভ হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লেগেছিল। যার জেরে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়। মৃত্যু হয় ১৩ জন কোভিড রোগীর। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে তাঁদের পাশের কোভিড হাসপাতালে সরানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গতকাল ভোর ৩টে নাগাদ হাসপাতালটির আইসিইউ বিভাগে আগুন লাগে। সেসময় হাসপাতালে যথেষ্ট সংখ্যক নার্স বা চিকিৎসক ছিলেন না। যার জেরে আরও আতঙ্ক ছড়িতে পড়ে। খবর পাওয়ার পর দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। কাঠগড়ায় তলা হচ্ছে জেলা প্রশাসনকেও। হাসপাতালের সিইও দিলীপ শাহ এই ঘটনাকে মর্মান্তিক বলে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, স্বজনহারানো পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বাকি রোগীদের চিকিৎসায় যাতে কোন অসুবিধা না হয় তার জন্য দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন ইতিমধ্যে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং বাকি রোগীদের চিকিৎসা যাতে বিনা বাধায় হয়, এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উদ্ধব ঠাকরে।

এপ্রিল ২৩, ২০২১
দেশ

দায়িত্ব থেকে অব্যাহতি চান বিহারের কোভিড হাসপাতালের সুপারিটেন্ডেন্ট

দেশে প্রথমবার করোনা সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলেই কোভিড হাসপাতালে বেডের সংখ্যার অপ্রতুলতা কিংবা অক্সিজেনের অভাবের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিহারের প্রথম কোভিড হাসপাতাল নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তীব্র অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট।যেভাবে অক্সিজেনের অভাবে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীরা ক্রমেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন তা দেখে উদ্বিগ্ন সুপারিনটেন্ডেন্ট ড. বিনোদকুমার সিং। স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিবকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, সমস্যা অত্যন্ত গভীর। রোগীদের মরতে হচ্ছে। এরপর সরকার আমাকে দায়ী করবে।কয়েকদিন আগে এক রোগীর মৃত্যুর পরে তাঁর পরিবারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সংঘর্ষ বাঁধে। এক্ষেত্রেও অভিযোগের মূল কারণ অক্সিজেনের সরবরাহের অভাব।এই পরিস্থিতিতে সুপারিটেন্ডেন্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, তাঁর হাসপাতালের অক্সিজেনের নিয়ন্ত্রণ রয়েছে পাটনা জেলা প্রশাসনের হাতে। ফলে নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অক্সিজেন বহু সময়ই চলে যাচ্ছে অন্যান্য হাসপাতালে। এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক না হলে যে অচিরেই রোগীমৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কিত তিনি। আর তাই তাঁর আরজি, তিনি আর হাসপাতালের সুপারিটেন্ডেন্টের দায়িত্বে থাকতে চান না।

এপ্রিল ১৮, ২০২১

ট্রেন্ডিং

রাজ্য

ক্লাস সেভেনে মুদি দোকানে চুরির অভিযোগ, বড় হয়ে ডাকাতি! শেষমেশ পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’

ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা

নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালানোর চেষ্টা! শেষরক্ষা হল না সাইবার প্রতারক প্রতাপের, এনকাউন্টারে ঝরল রক্ত

বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেরা, তার পরেই গ্রেপ্তার! মালদহে রেল নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মালদহে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম দফতরে অভিযান চালান তদন্তকারীরা। ওই দফতরেই সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন উমাশংকর। সেখান থেকেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের অভিযোগ, পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন উমাশংকর। সেই অভিযোগের তদন্তেই তাঁর দফতরে হানা দেন সিবিআই আধিকারিকেরা। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালানো হয়। পরে সেটি সিল করে দেন তদন্তকারীরা।এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগের নামে ঠিক কী ধরনের দুর্নীতি হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উমাশংকরের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ আAগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীরা, কাটোয়ায় আতঙ্ক

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র নমাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?

টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

নভেম্বর ২৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal